দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলা আপাতত বন্ধ রয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি স্বীকার করেননি। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর সোমবার দেওয়া প্রথম বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘এই মুহূর্তে গোলাগুলি বন্ধ রয়েছে। কারণ তেহরানের সন্ত্রাসী শাসনের ওপর হামলা চালানোর পর তারা আমাদের ওপর আক্রমণ বন্ধ করেছে। তবে ইরানের শাসকগোষ্ঠী যদি আবারও আমাদের ওপর হামলার ভুল করে, তাহলে আমরা শক্তি দিয়ে জবাব দেব।’
তিনি অভিযোগ করেন, ইরান লেবাননের সংঘাতের সঙ্গে নিজেদের প্রতিক্রিয়াকে যুক্ত করে একটি ‘নতুন সমীকরণ’ তৈরি করতে চেয়েছিল। তার দাবি, লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এবং ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালিয়েও জবাব এড়ানোর পরিকল্পনা ছিল।
নেতানিয়াহু বলেন, ‘তারা ভেবেছিল লেবানন ও ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালালেও আমরা প্রতিক্রিয়া দেখাব না। তা হয়নি, ভবিষ্যতেও হবে না। আমার দায়িত্বে থাকাকালে এমনটি ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার আমি দৃঢ়ভাবে সমর্থন করি।’
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে অনুরোধ করেছেন। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অন্তত দুবার টেলিফোনে কথা হয়েছে।
এমএস/